বান্দরবানের আলীকদম থেকে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকার নিজ বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

তবে সন্দেহজনক হওয়ায় দুই পুত্রবধূসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এক বৃদ্ধা মহিলার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়। পরে আলীকদম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়। কে বা কারা কি কারনে এই বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, রাত ৯টার দিকে ৯৯৯ এ কল আসে আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় নিজ বাড়িতে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। তবে সন্দেহজনক দুই পুত্রবধূসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।












