সীতাকুণ্ডে কেন্দ্রে দীর্ঘ লাইনে উৎসবের আমেজে চলছে ভোট

দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা। স্কুল-কলেজ, ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্র ঘিরে জটলা, উৎসব-উচ্ছ্বাস। দীর্ঘলাইনে অপেক্ষমাণ ভোটাররা। এটি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের চিত্র।

৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে কথা হয় হাফিজ জুট মিল শ্রমিক কর্মচারী দলের সাধারণ সম্পাদক রবিউল হকের সঙ্গে। তিনি বলেন, সাড়ে তিন হাজার ভোট রয়েছে এ কেন্দ্রে। তবে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ধানের শীষ, দাঁড়িপাল্লা, মাথাল, হাতপাখার এজেন্ট আছে।

আটটায় ভোট দিয়ে বের হয়েছেন শফিউল আলম। তিনি বলেন, নিজের ভোট নিজে দিলাম। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা ভালো।

সত্তরোর্ধ্বো আনোয়ারা বেগম প্রার্থীর দেওয়া ভোটার স্লিপ নিয়ে এসেছিলেন কেন্দ্রে। অসুস্থতার কারণে মুখে নাম ও তথ্য বলতে পারেন না। তাই জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে বলা হয়েছে তাঁকে।