সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে দুই দফা অভিযানে যৌথবাহিনীর হাতে সাত জন আটক হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ও বুধবার বিকালে তাদের আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকালে বুধবার বিকালে উপজেলার ইসলামপুর ইউপির ৬ নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে তিনজন এবং আগের দিন মঙ্গলবার রাতে ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকা থেকে আরো চারজনকে আটক করে থানায় সোপর্দ করে যৌথবাহিনী।
স্থানীয়রা জানান,আটককৃতরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রের সংরক্ষিত এলাকায় প্রভাব বিস্তার করে ব্যানার লাগাচ্ছিল। এসময় টহলরত যৌথবাহিনী তাদের আটক করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,পূর্বে আটককৃত চারজনকে দায়ীত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। আজকে আটককৃতদের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।












