মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এউপলক্ষে কাপ্তাইয়ের ২২টি ভোট কেন্দ্রে বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুর থেকে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এসব সরঞ্জাম বিতরণ করতে দেখা গেছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন উপস্থিত থেকে উপজেলা সদর হতে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। এসময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে বিভিন্ন গাড়িযোগে পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে এসব নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার রুহুল আমিন গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করে বলেন, সু-শৃঙ্খল পরিবেশে সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের মাধ্যমে এই নির্বাচনী সরঞ্জামাদি যথাসময়ে পৌঁছানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নেলী রুদ্র ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল।
এবিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।
এছাড়া নির্বাচন স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ হওয়ার লক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, কাপ্তাইয়ের ২২টি ভোট কেন্দ্রে মোট ভোটারখ্যা ৫০ হাজার ৯শ’ ৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪শ’ ৪১ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৫শ’ ১৮ জন। এছাড়া কাপ্তাইয়ে নির্বাচনী দায়িত্ব পালন করবেন ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১৯৮ জন পোলিং অফিসার।












