বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী, সাবেক মদীনা প্রবাসী আলহাজ্ব জসিম উদ্দিনের সমর্থনে মদীনা বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মদীনা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদীনা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমি নিজে প্রবাসী ছিলাম। তাই প্রবাসীদের আবেগ ও কষ্ট আমি গভীরভাবে বুঝি। আপনারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে সংসদে প্রবাসীদের দাবি-দাওয়া ও সমস্যার কথা বলার সুযোগ পাব।”
তিনি আরও বলেন, “কিছু অসাধু ও ষড়যন্ত্রকারী ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যারা জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের পতনে রক্ত দিয়েছেন, সেই জুলাই যোদ্ধারাই আমাদের প্রাণ ও আবেগ। তাদের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ইনশাআল্লাহ এসব ষড়যন্ত্র সফল হবে না।”
আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, চন্দনাইশসহ চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের বিজয় উপহার দিতে পারব—এই বিশ্বাস রাখি,” বলেন তিনি।
এসময় বক্তারা বলেন, একজন সাবেক প্রবাসীকে বিএনপির মনোনয়ন দেওয়ায় প্রবাসী নেতাকর্মীরা আনন্দিত। তারা বলেন, প্রবাসজীবনে থাকাকালীন জসিম উদ্দিন সবসময় দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন এবং একজন অত্যন্ত মিশুক ও মানবিক মানুষ হিসেবে পরিচিত। নির্বাচিত হলে সংসদে প্রবাসীদের সমস্যা ও অধিকার নিয়ে কথা বলার সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করবেন—ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মদীনা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন লিটন, আবুল কাশেম, আবুল কালাম, যুবদল নেতা আতিয়ার রহমান, আয়ুব বাচ্চু, শহীদুল ইসলাম, সোহেল চৌধুরী, শামশুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।












