দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিক মেহেদী হাসান ও জাহাঙ্গীরের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, নতুন দেশ গঠনে গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের প্রেরণার উৎস। তাদের রুহের মাগফেরাত কামনা করছি। হত্যাকারীদের বিচারের ব্যাপারে প্রতিটি পরিবার জোর দাবি তুলছে। দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। জামায়াতের পক্ষ থেকে আমরা প্রতিটি শহীদ পরিবারকে আশ্বস্ত করছি, যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকবো। এই ঘটনায় ভিকটিম সবার কাছে যেকোন প্রয়োজনে আমরা ছুটে যাবো।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর কষ্ট ও বেদনা আজ পুরো দেশের জনগণের কষ্টে পরিণত হয়েছে। তাদের স্ত্রীরা পরিবারের একমাত্র কর্মক্ষ্যম ব্যক্তিকে দেশের জন্য উৎসর্গ করেছেন। নতুন এই বাংলাদেশে আমরা ছাত্র-জনতার এই বিপ্লবের প্রত্যেক শহীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাশা করছি।
জামায়াতের আমীর বলেন, শত শত শহীদের রক্ত এই জমিনকে উর্বর করেছে।
আগামীর বাংলাদেশ যেন এই শহীদদের স্বপ্নের আলোকে গড়ে তোলা হয় সে প্রচেষ্টা আমাদের চালাতে হবে। তাদের ছোট ছোট সন্তানেরা পিতাকে হারিয়েছে, অসংখ্য স্বজন তার প্রিয় সন্তানকে হারিয়ে আজ পাগল পারা। পরিবারগুলো আজ তাদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার অবশ্যই এসব শহীদদের পাশে দাঁড়াবে। জামায়াত দেশে মানবতার কল্যাণকামী সংগঠন হিসেবে বসে থাকতে পারে না, আমাদের দায়িত্ব আছে এসব শহীদ ভাই-বোনদের পরিবারের জন্য। এই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি।
দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মুহাম্মদ কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, ড. মোবারক হোসাইন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এস এম কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।












