বিদেশি বিশেষজ্ঞ আমদানি বন্ধ করুন

বিদেশি বিশেষজ্ঞ আমদানির নামে বৈদেশিক মুদ্রার ব্যাপক অপচয় রোধ ও প্রকৌশল বিভাগের ব্যবস্থাপনা প্রকৌশলীদের দিয়ে পরিচালনার আহ্বান জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র।

মঙ্গলবার (৭ মে) সকালে ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রকৌশল নির্ভর সেক্টর প্রকৌশলীদের হাতে থাকলে উৎপাদন ও উন্নয়নের গতি আরও বৃদ্ধি পেতো।

সংবাদ সম্মেলনে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে পরিচালিত বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়।

প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস, পানি, জলাবদ্ধতা, শিল্প কার-খানা, দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা প্রকৌশল ও প্রযুক্তি নির্ভর সমস্যা। কিন্তু এসব সমস্যা নিরসন করছে অন্য সেক্টরের লোকজন। এগুলোর ব্যবস্থাপনা প্রকৌশলীদের হাতে না থাকার কারণে সমস্যাগুলো প্রকট হয়ে উঠছে।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার সেন, সম্মানী সম্পাদক রফিকুল ইসলাম মানিক।

উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান এএসএম নাসিরুদ্দিন চৌধুরী, কাউন্সিল সদস্য অসীত বরণ দে, প্রদীপ বড়ুয়া, সুভাষ চক্রবর্তী, ঝুলন কুমার দাশ, এসএম শহীদুল আলম, ইআরসি’র নির্বাহী ভাইস চেয়ারম্যান রাজীব বড়ুয়া, মো. রেজাউল করিম প্রমুখ।

এদিকে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালে দুই দিনব্যপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।