সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

পটিয়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের কোলাগাঁও ও হাবিলাসদ্বীপ ইউনিয়নের সংযোগ সড়কের একটি ঝুঁকিপূর্ণ বাঁকে জমে থাকা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির মাঝামাঝি ওই বাঁকে দীর্ঘদিন ধরে ঘন আগাছা ও ঝোপঝাড় থাকার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যেত না। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটার ঝুঁকি তৈরি হচ্ছিল।

এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে আগাছা পরিষ্কারের কাজ হাতে নেন কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা দিদারুল আলম ও বশর, শ্রমিকদল নেতা শাহাজাহান এবং ছাত্রদল নেতা রহিম ও ইমনসহ অন্যান্য নেতাকর্মীরা।

উদ্যোক্তারা জানান, সড়কটি নিরাপদ করতে এবং দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।