বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার মুসলিমকে নিজস্ব খরচে ওমরাহ করানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ কর্মসূচির আওতায় তারা এই সুযোগ পাবেন। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এই পুরো প্রক্রিয়াটি তদারকি করবে।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আরবি ১৪৪৮ হিজরি বছরের চারটি ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশ থেকে ২৫০ জন ওমরাহ যাত্রী এই আতিথেয়তা পাবেন। দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া।

বাদশাহ সালমানের এই মহতী উদ্যোগের পর সৌদির ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রী এবং এই কর্মসূচির প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আবদুল লতিফ আল-শেখ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলাম ও মুসলমানদের কল্যাণে তাদের এই ধারাবাহিক অবদান সত্যি প্রশংসনীয়। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা অত্যন্ত সহজে এবং শান্তিতে পবিত্র ওমরাহ পালন ও পবিত্র স্থানগুলো জিয়ারত করার সুযোগ পাবেন।
সৌদি মন্ত্রী আরও উল্লেখ করেন, এই উদ্যোগ মুসলিম উম্মাহর মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন মুসলিম কমিউনিটির পণ্ডিত, আলেম এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগের সেতু তৈরি করতে সৌদি আরবের মানবিক ও ধর্মীয় মূল্যবোধকেই বারবার সামনে নিয়ে আসে।












