রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ ফজলুল হক (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গত শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ফজলুল হক রাউজান উপজেলার ঢেউয়া হাজীপাড়া এলাকার চাঁদ তালুকদার বাড়ির মৃত আলী আহম্মদের পুত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে রাউজান পশু হাসপাতাল সংলগ্ন চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন ফজলুল হক। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্র্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।