কর্ণফুলী নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকা ডুবে নববধূ নিখোঁজ

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকা ডুবে কণিকা দাস (২০) নামের এক নববধূ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ কণিকা দাস কোদালা ইউনিয়নের জেলে পাড়ার রুবেল দাসের স্ত্রী।

তিনি চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নের মৃনালপাড়া এলাকার দুলাল দাসের মেয়ে।
উদ্ধারকৃতরা হলেন- পলি দাস (২৫), রুপন ঘোষ (৩০), রাজ ঘোষ (২), অনিল ঘোষ (৬) ও রুবেল দাস (২৯)।

জানা গেছে, রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের জেলে পাড়ার বাড়ি থেকে নবদম্পতি কনিকা ও রুবেল পরিবারের অন্য সদস্যদের নিয়ে নৌকায় চন্দ্রঘোনা কদমতলী মৃণালপাড়ায় যাওয়ার সময় কর্ণফুলী নদীতে ঝড়ো হাওয়ায় নৌকা উল্টে যায়। স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে পাঠান।


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন ৫ জনের মধ্যে শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বিশেষ ডুবুরি দল এসে তল্লাশি চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধান পাওয়া যায়নি।