টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, স্বস্তিতে নগরবাসী

মির্জা ইমতিয়াজ শাওন, প্রিয় চট্টগ্রাম: মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম-এ মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত মাত্র ৪০ মিনিটে ৩৮ মিলিমিটার ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হলেও এবার বহুল আলোচিত প্রবর্তক মোড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। এতে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।

সংশ্লিষ্টরা বলছেন, খালের বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করায় পরিস্থিতির উন্নতি হয়েছে। অতীতে অল্প বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যানজট ও দুর্ভোগ তৈরি হলেও এবার সেই চিত্র দেখা যায়নি।

তবে বৈরী আবহাওয়ার মধ্যে বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বাঁশখালী উপজেলার উত্তর সরল গ্রামে মাওলানা আব্দুল্লাহ নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় নগরীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে ৪০ মিনিট পর থেমে যায়। পরে আরও কয়েক দফা হালকা বৃষ্টিপাত হয়।

জলাবদ্ধতা নিরসনে বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর দুইটি, চট্টগ্রাম সিটি করপোরেশন-এর একটি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ২৫৭ কোটি টাকা।

এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্প। ২০১৭ সালে অনুমোদিত এ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পটির কাজের অগ্রগতি প্রায় ৮০ শতাংশ বলে জানা গেছে।