বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন ।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো-এর নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করে।

বৈঠকে বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগ খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জাইকার দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাইকার অব্যাহত সহায়তার প্রশংসা করেন।
এ সময় জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদারের আশ্বাস প্রদান করে।












