দীর্ঘ প্রতীক্ষার অবসান, ২৩ মে চিটাগাং চেম্বার নির্বাচন

দীর্ঘ জটিলতা, মামলা-পাল্টা মামলা ও একাধিকবার স্থগিত হওয়ার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের শতবর্ষী প্রাচীন ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত নির্বাচন। আগামী ২৩ মে (শনিবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সাধারণ শাখা বিভাগের পরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ উপলক্ষে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনে ভোটগ্রহণ আগামী ২৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হবে।

বর্তমানে সংগঠনটিতে সাধারণ সদস্য চার হাজার ১ জন, সহযোগী সদস্য দুই হাজার ৭৬৪ জন, শহর সমিতির সদস্য ৫ জন এবং ট্রেড গ্রুপের সদস্য ১০ জনসহ মোট সদস্য সংখ্যা ৬ হাজার ৭৮০।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিরুল হকের নেতৃত্বাধীন ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’। অন্যটি চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম নুরুল হকের নেতৃত্বাধীন ‘সমমনা পরিষদ’।