হজের ৫ দিন পরই চালু হচ্ছে ওমরাহ ভিসা

মির্জা ইমতিয়াজ শাওন, প্রিয় চট্টগ্রাম: হজের মাত্র ৫ দিন পরই পুনরায় চালু হচ্ছে ওমরাহ ভিসা কার্যক্রম। হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সালের হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের Saudi Ministry of Hajj and Umrah। ঘোষিত সময়সূচিতে ওমরাহ ভিসা পুনরায় চালুর তারিখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার (১৬ মে) প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ মে থেকে আবারও ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে। একইদিন থেকে ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া ১ জুন থেকে পবিত্র Masjid al-Haram এলাকায় প্রবেশ এবং Nusuk অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট গ্রহণের প্রক্রিয়াও পুনরায় চালু করা হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, নতুন মৌসুমের ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত। এছাড়া ২৩ সেপ্টেম্বর ২০২৭ হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের সর্বশেষ দিন। অন্যদিকে, সৌদিতে অবস্থানরত ওমরাহ পালনকারীদের আগামী ৭ এপ্রিল ২০২৭ এর মধ্যে দেশত্যাগ করতে হবে।

এর আগে গত ১১ মে থেকে বিদেশি এজেন্টদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে ওমরাহ কোম্পানিগুলোর চুক্তি সম্পন্ন করার কার্যক্রম শুরু হয়। পরদিন ১২ মে থেকে প্রতিবন্ধী সেবা, ঐতিহ্যবাহী সেবা এবং সংশ্লিষ্ট অন্যান্য সেবার ইলেকট্রনিক চুক্তি কার্যক্রমও চালু করা হয়।

এদিকে, চলতি বছরের হজকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে সৌদি আরব। আজ রবিবার (১৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা ও হজের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। সাধারণত জিলহজের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হজ ও ঈদের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়।