চাল, গম, পেঁয়াজ, চিনি. তেলসহ ৬০ পণ্যের কর কমানোর প্রস্তাব

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি বলেন, দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর হ্রাসের একটি জনমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল এবং বিভিন্ন ধরনের বীজসহ মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের ওপর বর্তমানে বিদ্যমান ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ উৎসে কর কমিয়ে মাত্র ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর হ্রাসের পদক্ষেপ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে সরকার আশা করছে।

সরকারের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করের বোঝা কমানো হলে উৎপাদন ও বিপণন ব্যয় হ্রাস পাবে, যার সুফল শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পৌঁছাবে। তবে এই কর ছাড়ের বাস্তব প্রভাব নির্ভর করবে বাজার ব্যবস্থাপনা, সরবরাহ পরিস্থিতি এবং ব্যবসায়ীদের মূল্য নির্ধারণের ওপর।