চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি লাইসেন্স ছাড়াই অবৈধভাবে মজুত করা ৫ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি সরকারি চাল জব্দ করেছে র্যাব-৭। এ সময় সরকারি চাল ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল আজিজ (২৮) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বামুন সুন্দর দারোগাহাট এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত সীতাকুণ্ড থানার কদমরসুলপুর এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব-৭ চট্টগ্রামের উদ্যোগে জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এলাকার কয়েকজন অসাধু ব্যবসায়ী সরকারি লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সরকারি চাল অবৈধভাবে মজুত করে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করে আসছিল। পরে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি চাল জব্দ করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, ‘একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। জব্দ হওয়া মালামাল ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’












