ফটিকছড়িতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়ের শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বেয়াই মো. সাফাকে (৪৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চননগর হাট্টটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত লাকি আক্তার ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী ও তিন সন্তানের জননী। অভিযুক্ত মো. সাফা কালাপানিয়া এলাকার খামারবাড়ির বাসিন্দা। পারিবারিকভাবে তাদের মধ্যে বেয়াই-বেয়াইন সম্পর্ক ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লাকি আক্তার গবাদিপশু আনতে পাহাড়ি এলাকায় যান। সন্ধ্যার পর গরু বাড়িতে ফিরে এলেও তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড়ি নিচু স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। রাত ১১টার দিকে স্থানীয় এক পল্লী চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহতের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের পিতা আবুল বশর অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় তার মেয়েকে কুপ্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপ্রস্তাবকে কেন্দ্র করে ক্ষোভের জেরে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।