সীতাকুণ্ডের ধর্ষণ মামলার আসামি হাটহাজারীতে আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সৈকত শীলকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গ্রেফতার সৈকত শীল (২৪) সীতাকুণ্ড উপজেলার গোলাবাড়িয়া এলাকার আশীষ শীলের ছেলে।

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীতাকুণ্ড থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলার পলাতক আসামি সৈকত শীল হাটহাজারী এলাকায় অবস্থান করছেন। পরবর্তীতে ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭ ও ৯(১) ধারায় দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।