আগামী ১০ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে সাংগঠনিক কমিটির এক আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) বেলা ১২.৩০টায় উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

মাননীয় উপাচার্য আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে যাবতীয় খোঁজখবর নেন। তিনি বলেন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রায় ৪৪ বছর পর আমাদের ক্যাম্পাসে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের জন্য আনন্দের এবং গর্বের। এক্ষেত্রে আমাদের অনেক করণীয় রয়েছে। এ খেলার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মান, সুনাম এবং ভাবমূর্তি জড়িত রয়েছে। আয়োজনে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। মাননীয় উপাচার্য সবাইকে ধন্যবাদ জানান।
মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, দীর্ঘ সময় পর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আমাদের ক্যাম্পাসে হচ্ছে। সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন তিনি। মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) সবাইকে ধন্যবাদ জানান।
এসময় আরও উপস্থিত বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ ও আবাসিক শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চাকসুর ভিপি, জিএস, এজিএস, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান জালাল।
উল্লেখ্য, আগামী ১০ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হবে এবং ১৭ মে সমাপনী হবে।












