নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র সিভিল ইঞ্জিনিয়ারিং(পুরকৌশল) বিভাগের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ফেস্ট মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী সায়মা আকতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম । বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান । বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কর্মকতার্, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

শুরুতে র্যালি ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে আমন্ত্রিত অতিথিরা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকাশনা ম্যাগাজিন অ্যাংকর—২০২৬ এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিভাগের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আইইবি এর চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে অপার সম্ভাবনা ও সুযোগ। অন্যান্য পেশার মতো এই পেশায় বয়সের কোন বাধা নেই সুতরাং বয়স বেশি হলেও পুরকৌশল বিভাগের প্রকৌশলীদের কাজ করার সুযোগ থাকে। আমাদের খনিজ সম্পদ নেই, জনশক্তিকে যুগোপযোগী ও গুণগত শিক্ষার মাধ্যমে সম্পদে পরিণত করতে হবে। যারা ডিগ্রি অর্জন করলেন সবাইকে অভিনন্দন। আশাকরি এ ডিগ্রি আপনাদের ক্যারিয়ার ও ভবিষ্যতকে সমৃদ্ধ করবে। আপনাদের যেকোন সহযোগিতায় আইইবি সব সময় পাশে থাকবে। এই শিক্ষা যাতে দেশ ও জাতির কল্যাণে আসে সেই দিকে লক্ষ্য রাখতে পরামর্শ দেন তিনি।
উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, সাউদার্ন ইউনিভার্সিটিতে নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য রিসার্স সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এসময় তিনি গবেষণা কেন্দ্র ও প্রকৌশল অনুষদের উন্নয়নে আইইবি এর আন্তরিক সহযোগিতা কামনা করেন । তিনি বলেন, দেশের উচ্চ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগামীতে দেশের অগ্রগতি ও উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক বলেন, বর্তমানে আউটকাম বেসড কারিকুলামে জোর দেওয়া হচ্ছে। আমাদের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে আইইবি এর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। যদি আইইবি পাশে থাকে তাহলে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধা প্রাপ্তিতে সহায়ক হবে।
অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।
ছবির ক্যাপশন: র্যালিতে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ শিক্ষার্থীরা।












