মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে ছিনতাইয়ের সময় হাতেনাতে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন জোরারগঞ্জ থানার খিলমুরারী গ্রামের হিরা মিয়ার ছেলে আলতাফ হোসেন মানিক (২০), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর আলম (২০) এবং বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের এমদাদ হোসেনের ছেলে এনামুল হক নিলয় (১৯)।
পুলিশ জানায়, বুধবার রাত ৯:৩০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে নির্মল ত্রিপুরা (২২) নামের এক ব্যক্তিকে ঘিরে ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদেরকে তল্লাশি করে নগদ ১৫০০ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি হলুদ ও কালো রঙের কাটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কাজী নাজমুল হক জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।












