ফটিকছড়িতে অবৈধ জুয়ার আসর পুড়িয়ে দিলো পুলিশ

ফটিকছড়ি উপজেলার হালদা নদী পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ জুয়ার আসরে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জুয়ার আসরটি সম্পূর্ণ ধ্বংস করা হলেও কাউকে হাতেনাতে আটক করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, হালদা নদীর তীরবর্তী নাছির মোহাম্মদ ঘাটের পশ্চিম পাশে নির্জন এলাকায় পলিথিন ও বাঁশ দিয়ে অস্থায়ী শেড তৈরি করে একটি প্রভাবশালী চক্র নিয়মিত জুয়ার আসর বসাত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম ও ভূজপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযানে জুয়াড়িদের আস্তানাটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, হালদা নদীর পাড়ে অপরাধীদের কোনো আস্তানা থাকতে দেওয়া হবে না।

জুয়ার আসরের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছিল এবং চুরি-ছিনতাইয়ের ঘটনাও বাড়ছিল। জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।