তরুণদের সঠিক পথে আনতে খেলাধুলার বিকল্প নেই: অ্যাডভোকেট ইফতেখার মহসিন

শহীদ জিয়া স্মৃতি সংসদ, কালীপুর, বাঁশখালীর উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক কৃতি ফুটবলার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমাদের তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এমন আয়োজন তরুণদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আহমদ ছিদ্দিকের সভাপতিত্বে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গুনাগরী এ গণি প্লাজার স্বত্বাধিকারী রহিম উদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শহীদ উদ্দিন, মইনুল হক চৌধুরী পলাশ, নুরুল আজিম, সাবেক ছাত্রনেতা ও বাঁশখালী বিএনপি নেতা নুরুল মোস্তফা এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা জুনায়েদ রাছেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ফাইনাল খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।