চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলার ঘটনায় জালাল উদ্দিন মুন্না নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) হাটহাজারী মাদরাসা-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হামলার ঘটনায় করা মামলার ১ নম্বর আসামি মুন্না।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘আমরা দুপুর ২টার দিকে মুন্নাকে গ্রেপ্তার করি। সে এই মামলার ১ নম্বর আসামি। তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চাকসুর যোগাযোগ ও আবাসন-বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, ‘মুন্না নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে-ই এ ঘটনার নেতৃত্ব দিয়েছিল। পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আমরা বাকি জড়িতদেরও গ্রেপ্তারের দাবি জানাই এবং যথাযথ শাস্তির দাবি জানাই।’
উল্লেখ্য, গত ৪ মার্চ একটি দুর্ঘটনার ঘটনায় শিক্ষার্থীদের হয়ে সমঝোতা করেছিলেন মাসুম বিল্লাহ। এর জেরে সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে একটি পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেওয়ার সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।












