রাঙামাটি জেলা পরিষদ পুর্নর্গঠন, কাপ্তাইয়ে সম্ভাব্য কয়েক প্রার্থী আলোচনায়

মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই (রাঙামাটি): নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সম্ভাব্য সদস্যদের নাম স্থানীয় অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে আসছে। বিশেষ করে কাপ্তাই উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, সমাজসেবক ও তরুণ সংগঠকের নাম স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে।

স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকজন পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে। স্থানীয়ভাবে আলোচিত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—যুব সংগঠক ও বিএনপি নেতা উথোয়াই মং মারমা, সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা, তৃনমূল হতে উঠে আসা বিএনপি নেতা মায়ারাম তনচংগ্যা, তরুণ সংগঠক ও যুব নেতা বাবুল তনচংগ্যা, সমাজসেবক ও যুবদল নেতা সুমন মারমাসহ আরও কয়েকজন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানবিক সহায়তা এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ফলে জেলা পরিষদের সদস্য পদে তাদের নাম বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। কাপ্তাইয়ের ইউনিয়ন গুলোতে ঘুরে দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ ইতোমধ্যে গণসংযোগ বৃদ্ধি, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং জনসেবামূলক কাজের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। এতে করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এনিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, শিল্পাঞ্চল, পর্যটন সম্ভাবনা এবং কৌশলগত অবস্থানের কারণে কাপ্তাই উপজেলা রাঙামাটি জেলার গুরুত্বপূর্ণ একটি এলাকা। তাই জেলা পরিষদে কাপ্তাই থেকে শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তারা মনে করেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন উন্নয়ন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে জেলা পরিষদের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য জনসম্পৃক্ততা, সততা ও উন্নয়নমুখী মানসিকতার অধিকারী ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনীত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এখনো পর্যন্ত জেলা পরিষদের নতুন সদস্যদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। স্থানীয়দের প্রত্যাশা, যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে কাপ্তাই উপজেলা থেকে একজন দক্ষ প্রতিনিধি জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেলে তা এলাকার সার্বিক উন্নয়নকে আরও বেগবান করবে।