বিভিন্ন অপরাধে চকবাজারে ‘কাচ্চি ডাইন’কে জরিমানা

চট্টগ্রামের চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ‘কাচ্চি ডাইন’ রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

অভিযান চলাকালে রেস্তোরাঁটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব দেখা যায়। এ ছাড়া স্যাঁতসেঁতে মেঝে ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, ক্রয় রসিদ সংরক্ষণ না করা এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকাসহ নানাবিধ অসংগতি পরিলক্ষিত হয়। বিশেষ করে খাদ্যপণ্য (মাওয়া) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে এই জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, আজ চকবাজারের কাচ্চি ডাইনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির রান্নাঘর ও সংরক্ষণাগারে ইঁদুর ও তেলাপোকার উপদ্রব রয়েছে। কর্মীদের মাঝেও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না।

তিনি আরও জানান, অনিয়মগুলো প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে জরিমানার তিন লাখ টাকা আদায় করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।