চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে আসছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের এক স্মারকে জানানো হয়, প্রতিমন্ত্রী সকাল পৌনে ৭টায় ঢাকার গুলশানস্থ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল ৮টায় বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এর উদ্দেশ্যে যাত্রা করবেন।
সকাল ৯টায় চট্টগ্রামে পৌঁছে সড়কপথে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবনে যাবেন তিনি। পরে সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দেবেন।
হাটহাজারীতে উপজেলা বিএনপি আয়োজিত অমর একুশের কর্মসূচিতে যোগ দেবেন প্রতিমন্ত্রী। একই দিন সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেবেন এবং উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দুপুর একটার পর তিনি নগরীর বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। রাত সোয়া ৯টায় শাহ আমানত বিমানবন্দর থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
সফরটি সরকারি কর্মসূচির অংশ বলে জানিয়েছে মন্ত্রণালয়। সফরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী থাকবেন।












