শহীদ জিয়া না থাকলে জামায়াত রাজনীতি করার সুযোগ পেত না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, শহীদ জিয়া না থাকলে জামায়াত এই স্বাধীন দেশে রাজনীতি করার সুযোগ পেত না। আর বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী মিছিলপূর্বক এক জনসভায় এসব কথা বলেন তিনি।

রুহুল কবীর রিজভী বলেন, জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে মেয়েদের ক্ষমতা থাকবে না, তারা কর্মক্ষেত্র, রাজনীতি কোনো জায়গায় ভালো অবস্থান নিতে পারবে না।

যা তাদের কথার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির ওপর অনেক নিপীড়ন গেছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং তার খাদ্যের মধ্যে বিষক্রিয়া করা হয়েছে।

এখন ধানের শীষকে যদি আমরা বিজয়ী করতে পারি তাহলে শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ হবে। এই নির্বাচনী লড়াইয়ের তাৎপর্য অনেক। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমেই তা অর্জন করতে হবে।
পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।