কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে জেলের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় ফিশিং ট্রলিংয়ের ধাক্কায় ট্রলারডুবিতে এক জেলে নিহত হয়েছে। এ ঘটনায় ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে আরও এক জেলে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলে আক্তার আলম বাদশা’র মরদেহ উদ্ধারের পর কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

নিহত জেলে আক্তার আলম বাদশা (৫৫) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা। আর নিখোঁজ জেলে হলেন জিয়াবুল মোহাম্মদ হোসেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, সাগরে ফিশিং ট্রলিংয়ের ধাক্কায় ট্রলারডুবিতে এক জেলে নিহত হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

এদিকে ট্রলার মালিক নাসির উদ্দিন বলেন, তার মালিকানাধীন এফবি নুরুন নাহার-১ গত শুক্রবার ১৫ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। রবিবার দুপুরের আগে জেলেরা জাল উঠানোর সময় দ্রুতবেগে আসা এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলি তার ট্রলারকে ধাক্কা দেয়। এসময় জেলেরা সাগরে ছিটকে পড়ে সাঁতরাতে থাকে।

ট্রলারের মাঝি মো. শরীফ বলেন, ধাক্কায় সবাই সাগরে পড়ে গেলে ভাসতে থাকে। এসময় উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের আক্তার আলম বাদশা (৫৫) সাগরে তলিয়ে যেতে দেখে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। অপর জেলে জিয়াবুল মোহাম্মদ হোসেন নিখোঁজ হন। বাকি ১৩ জেলেকে অন্য ট্রলারের সাহায্যে উদ্ধার হয়েছে।

এদিকে নিহত ও উদ্ধারকৃত জেলেরা সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপকূলে পৌঁছার পর কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে উদ্ধার হওয়াদের চিকিৎসা দেয়া হচ্ছে।