সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বাঁশকাটা এলাকার জাফর আলম হত্যাকাণ্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (৯ ফেব্রুয়ারী) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো: নজরুল ইসলাম এ রায় দেন।

একই মামলায় মনজুরুল ইসলাম (৪৪)কে বেকসুর খালাস ও ফরিদুল হক সোনা মিয়া (৪১)কে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেড় বছরের সাজা প্রদান করে আদালত।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, একই এলাকার মৃত এজহার মিয়ার পুত্র নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের পুত্র সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) ও নুরুল ইসলামের পুত্র আশরাফুজ্জামান (৪৫)।
এ মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল ও ১০ নম্বর আসামি আলী হোসেন মৃত্যুবরণ করেন।
২০১০ সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্বপাশে জাফর আলমের জমি দখলে যায় আসামিরা। এসময় জাফর আলম বাঁধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে জাফরকে জখম করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে জাফর আলম। এঘটনায় জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে।
মামলার দীর্ঘ কার্যক্রম শেষে আদালত সোমবার এ রায় প্রদান করে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুর রশীদ।












