চবিতে শিক্ষার্থীদের জন্য জরুরি হেল্পলাইন চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহযোগিতায় শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ক্যাম্পাসে এ হেল্পলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হেল্পলাইনটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, নির্বাহী সদস্য সোহানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, ২৪/৭ জরুরি হেল্পলাইন চালুর মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সেবা আরও সহজলভ্য হবে এবং ক্যাম্পাসে সেবার মান বাড়বে।

চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ জানান, দীর্ঘদিন ধরে জরুরি হেল্পলাইনের অভাবে শিক্ষার্থীরা বিভিন্ন সেবায় বিড়ম্বনার শিকার হচ্ছিল। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই হেল্পলাইন চালু করা হয়েছে।

নতুন এই হেল্পলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা যেকোনো সময় মেডিকেল সেবা, প্রক্টর অফিস, নিরাপত্তা দপ্তর, ইঞ্জিনিয়ারিং অফিস, আইসিটি সেল এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন জরুরি সেবা পাবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসু কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।