গাজীপুরে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিলেন কয়েক শ নেতাকর্মী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর মহানগরীতে জাতীয় পার্টির কয়েক শ নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাশিমপুর থানা বিএনপি আয়োজিত এক নির্বাচনী বৈঠকে দলটিতে যোগ দেন তারা। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শওকত হোসেন সরকারের বাসভবন প্রাঙ্গণে গাজীপুর-১ আসনের বিএনপির প্রার্থী মজিবুর রহমানের সমর্থনে নিবার্চনী সভার আয়োজন করা হয়।

ওই সভায় গাজীপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সিনিয়র সহসভাপতি মো. ফারুক খান ও কাশিমপুর থানা জাপার সভাপতি মো. রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপি নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
বিএনপিতে যোগ দিয়ে তারা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এলাকার উন্নয়নের স্বার্থে তারা জাপা ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন।

নবাগতদের স্বাগত জানিয়ে শওকত হোসেন সরকার বলেন, ‘দেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি।

তারেক রহমানের নেতৃত্ব, তার ৩১ দফা বাস্তবায়ন এবং দেশ গঠনের কাজে নিজ থেকে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করায় গাজীপুর মহানগর বিএনপি আরো শক্তিশালী হবে। গাজীপুর-১ আসনের ধানের শীষের প্রার্থীর বিজয় আরো সহজ হবে।’