প্রথম হাফে দুই গোলে এগিয়ে গিয়েছিলো সিটি। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। শেষ এমন অবস্থা হয়েছিলো, মনে হচ্ছিল সিটিকে হারিয়েই দেবে স্পারসরা। তবে শেষ পর্যন্ত দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। তাতে শিরোপার দৌড়ে থাকা ম্যানচেস্টার সিটি বড় এক ধাক্কা খেল।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ২-২ গোলে সমতায় শেষ হয় টটেনহ্যাম ও সিটির ম্যাচটি। সিটির হয়ে গোল করেন শেরকি ও সেমেনিও। আর টটেনহ্যামের হয়ে জোড়া গোল করেন সোলাঙ্কি।

চোট কাটিয়ে ফেরা সোলাঙ্কি ব্যবধান কমানোর পর ম্যাচের ৭০তম মিনিটে এক অবিশ্বাস্য ‘স্করপিয়ন কিকে’ সমতা ফেরান। এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি।
২০২৬ সালে লিগের ৬ ম্যাচের মাত্র একটিতে জিতেছে সিটিজেনরা। ফলে ২২ বছর পর আর্সেনালের লিগ জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।
২৪ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৩। আর ২৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে টটেনহ্যাম।












