কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ প্রায় ৬ কোটি টাকার পণ্য জব্দ করেছে নৌবাহিনী। এ সময় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা ইসমাইলের ছেলে জুনায়েদ প্রকাশ মুন্না (২৪) ও রাখাইন রাজ্যের মংডু শহরের পেরানপুরের বাসিন্দা পেরান আলীর ছেলে রোহিঙ্গা নাগরিক হামিদ উল্লাহ (৩৭)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা জুনাইদের বাড়িতে মাদক ও অবৈধ অস্ত্র মজুদ রাখার গোপন সংবাদ পায় বাংলাদেশ নৌবাহিনী। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে জুনায়েদ ও তার সহযোগী রোহিঙ্গা নাগরিক হামিদুল্লাহকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়ি তল্লাশি করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ, একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড বিদেশি গুলি, ১২৬ পিস ইয়াবা, দুইটি ওয়াকিটকি এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
নৌবাহিনী জানায়, আটক মাদক ব্যবসায়ী এবং জব্দ করা মালামাল নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।












