মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ। নিহত ছাত্রলীগ কর্মীর নাম জিয়াউল হাসান জুয়েল (২২)। সে উপজেলার মিঠানালা ইউনিয়নের হাদিমুছা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। বুধবার রাত দশটায় হাদিমুছা এলাকার রাজাপুর নতুন রাস্তা মাথায় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। মিরসরাই থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, জিয়াউল হাসান অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে আর বিদ্যালয়ে যায়নি। কোন পদ না থাকলেও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলো সে। আগামী কমিটিতে মিঠানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। রাজনীতির পাশাপাশি স্থানীয়ভাবে মাটি, ইট ও বালু সরবরাহের কাজ করতো জিয়াউল হাসান জুয়েল। বুধবার রাতে মোটরসাইকেল যোগে মিরসরাইয়ে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের শোডাউন শেষে বাড়ি ফিরছিল জুয়েল। এক পর্যায়ে বাড়ির পাশের নতুন রাস্তার মাথা এলাকায় এলে মাদক ব্যবসা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মিঠানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ ইউনূস, সাধারণ সম্পাদক রিয়াদ, ফারুক ও ইউনুসের বাবা আবুল বশর, শামসুদ্দিন সহ ১০/১২ জনের একটি দল তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জিয়াউল হাসানের ছোট ভাই তাজমীর হাসান শুভ বলেন, কিছু দিন আগে মাদক বিক্রিতে নিষেধ করায় রিয়াদ আমার ভাইয়ের পা কেটে ছোটদের উপহার দেয়ার হুমকি দিয়েছিল। বুধবার রাতে বাড়ি ফেরার সময় আমার বড় ভাই জুয়েলের উপর হামলা করে। এসময় ধারালো অস্ত্রে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া বুকে চুরিকাঘাত করে খুন করে। আমি খুনিদের উপযুক্ত বিচার চাই। জুয়েলের খালা নারগিস আক্তার বলেন, আমার ভাগনেক যারা খুন করেছে, তাদের উপযুক্ত বিচার চাই। ইউনুস এর নেতৃত্বে তাকে খুন করা হয়েছে। মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসদু করিম রানা বলেন, জুয়েল ছাত্রলীগের সক্রিয় কর্মী। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাহিম জালাল বলেন, বুধবার রাত ১১ টার দিকে মৃত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার বাম পা হাঁটুর নিচে বিচ্ছিন্ন ছিলো। আর বুকের বামপাশে গভীর ক্ষত ছিলো। ধারণা করছি ফুসফুসে আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয় মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মিঠানালা ইউনিয়নের হাদিমুসা এলাকার রাজাপুরের নতুন রাস্তার মাথা এলাকায় চুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের ময়নাতদন্ত শেষে বাড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ইউনুসকে প্রধান আসামী করে নিহতের পিতা আলমগীর বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।












