মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (১৯ জুলাই) বাজার তদারকি অভিযানে খুলশী থানার জাকির হোসেন সড়কের আশা মেডিক্যালকে ৪ হাজার টাকা, চৌধুরী মেডিসিনকে ৫ হাজার টাকা ও কোতোয়ালী থানার কাজীর দেউড়ির ইকরা মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত এ অভিযানে অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা নেতৃত্ব দেন।
অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, তিন ফার্মেসি ছাড়াও অভিযানকালে কোতোয়ালী থানার কাজীর দেউড়ির মা ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও অনুমোদনহীন এনার্জি ড্রিঙ্ক রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া বন্দর থানার ঈশান মিস্ত্রির হাট এলাকার মক্কা স্টোরকে বেশি দামে স্যাভলন বিক্রি করায় ৫ হাজার টাকা, একই প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির জন্য রাখায় আরও ৫ হাজার টাকা এবং ডবলমুরিং থানার কদমতলী এলাকার ফুলেল সুইটসকে জন্মদিনের কেকে মেয়াদ-মূল্য না দেওয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।












