এশিয়াটিক কটন মিল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা চট্টগ্রামের দি এশিয়াটিক কটন মিলস অ্যান্ড লিমিটেড চালু এবং শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা| এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন তারা|

রোববার (২৮ জুন) বিকেল ৪টায় মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়|

মানববন্ধনে ঐক্য পরিষদের আহ্বায়ক যদু মোহন দাশ বলেন, অর্থাভাবে, অনাহারে ও চিকিৎসার অভাবে এ পর্যন্ত ৩০০ জনের বেশি শ্রমিক-কর্মচারীর মৃত্যু হয়েছে| দ্রুত বকেয়া পরিশোধ ও মিল চালুর উদ্যোগ না নেওয়া হলে তারা পর্যায়ক্রমে অবস্থান কর্মসূচি, অনশন, বিক্ষোভ মিছিল এবং মিলের প্রধান ফটক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন| এর দায় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) ও বস্ত্র মন্ত্রণালয়কে নিতে হবে| ঐক্য পরিষদের সদস্য সচিব নূর মো. বলেন, বিটিএমসি মিলের ভাড়া থেকে এ পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকার বেশি আয় করলেও শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি| তিনি দ্রুত পাওনা পরিশোধ এবং মিল চালুর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন| মানববন্ধনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর. ইউ. চৌধুরী শাহীন, বিএনপি নেতা মো. ইসমাইলসহ অন্যরা|