কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় কেয়ারি ঘাট সংলগ্ন সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের দুইজন রোহিঙ্গা এবং টেকনাফের দমদমিয়া এলাকার দুইজন স্থানীয় বাসিন্দা রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া জানান, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস, যার নম্বর কক্সবাজার জ-১১-০২৩২। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং বাসে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। তবে চারজন গুরুতর আহত হলেও অন্য যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।











