টেকনাফে ট্রলারসহ ৫০ মালয়েশিয়াগামী উদ্ধার, ৯ পাচারকারী আটক

শামসু উদ্দিন, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের বাহারছড়া উপকূলীয় এলাকায় এক সফল অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে এই চক্রের সাথে জড়িত ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

৬ জুন (শনিবার) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, সমুদ্রপথে মানবপাচার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফের সমুদ্র এলাকা দিয়ে একটি বড় ট্রলারে বিপুল সংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে আজ ভোর রাত ১২:১৫ টা থেকে সকাল ৬:৩০ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী স্টেশন ‘টেকনাফ আউটপোস্ট বাহারছড়া ও শামলাপুর যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহভাজন ট্রলারকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলারটিকে আটক করতে সক্ষম হন। ট্রলারটি তল্লাশি করে মালয়েশিয়াগামী ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরবর্তীতে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হতো। এরপর তাদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করা হয়েছিল। এর আগেও এই চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্য পাওয়া গেছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ভুক্তভোগী, আটককৃত পাচারকারী এবং জব্দকৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার রোধে কোস্ট গার্ডের এই ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।