সীমাবদ্ধতাকে ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে অতিক্রম করতে হবে : ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সামনে যত সীমাবদ্ধতাই থাকুক না কেন, দৃঢ় ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তা অতিক্রম করে সফলতার শিখরে পৌঁছানো সম্ভব। পৃথিবীর অধিকাংশ সফল মানুষ প্রতিকূল পরিবেশ ও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই নিজেদের অবস্থান তৈরি করেছেন।

২ জুন (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ (জেলা পর্যায়)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১১টি স্কুল দল অংশ নিচ্ছে। তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা থাকলেও বড়ো স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করতে হবে। নিয়মিত অনুশীলন, আত্মনিবেদন ও শেখার মানসিকতাই একজন খেলোয়াড়কে সফলতার পথে এগিয়ে নেয়।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রযুক্তির যেমন নতুন সংস্করণ আসে, তেমনি আমাদেরও প্রতিনিয়ত নিজেদের উন্নত করতে হবে। একজন ব্যাটসম্যানকে প্রতিদিন আরও ভালো খেলতে হবে, একজন বোলারকে নতুন বৈচিত্র্য আনতে হবে এবং শেখার কোনো শেষ নেই। তরুণদের দেশের প্রকৃত সম্পদ উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকের একটি লক্ষ্য ও স্বপ্ন থাকা প্রয়োজন। সেই স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠা ও পরিশ্রমের বিকল্প নেই। মাদকাসক্তি ও অনলাইন গেমের নেতিবাচক প্রভাব থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সরকার নতুন প্রজন্মকে সুস্থ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে। খেলাধুলা দলগত চেতনা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা, দেশ গঠনের ক্ষেত্রেও এসব গুণাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।