বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিষ্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গা (৯) নামের এক বাংলাদেশী শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ পিলার মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত সুমিনাইং বাইশপারী তংচঙ্গ্যা গ্রামে কিংহলার ছেলে।

স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সকালে সুমিনাইং তার মায়ের সাথে জুমে কাজ করতে যায়। সেখানে দুপুরে দিকে জুমের বাগানের নিচে মায়ানমার সীমান্ত কাটাতারে পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল কুড়িয়ে পায়। সেটি জুম ঘরে এনে খেলতে থাকে। এ সময় মর্টার শেলটি বিষ্ফোরিত হলে ঘটনাস্থলে সুমিনাইং নিহত হয়। পরে বিজিবি ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঘুমধুম ইউপি সদস্য বাবুল চাকমা বলেন, দুপুর দিকে মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে এক শিশু নিহত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মিয়ানমার সীমান্তে জুমের কাজ করতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। কীভাবে নিহত হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
কক্সবাজার রামু বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমেদ বলেন, ঘুমধুম সীমান্তে পরিত্যাক্ত মর্টার শেল বিষ্ফোরণে বাংলাদেশী এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।












