ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলেন ক্ষুদ্ধ জনতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আমতল এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহজাহান ও আরিফ। সম্পর্কে তারা বাবা-ছেলে। দুর্ঘটনার পরপরই বাস ও চালককে আটক করে বিক্ষুব্ধ জনতা। পরে বাসটিতে আগুন দেয় জনতা।

পুলিশ জানায়, বিআরটিসি’র বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসছিল। এসময় বাসটি ফটিকছড়ির পাইন্দং আমতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে।

এসময় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবারও শুরু হয় যান চলাচল। এরইমধ্যে বাসের চালককে আটক করেছে পুলিশ।