‘৩৪ পর যেন আবারো বিদ্যালয়ে ফিরে গেলাম’

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) দিনব্যাপী উপজেলার আরশিনগর ফিউচার পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৪ শতাধিক বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

সকালের শুরু থেকেই আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় বন্ধুদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে স্মৃতিচারণের মাধ্যমে স্কুলজীবনের নানা ঘটনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এযেন ৩৪ বছর পর প্রিয় বিদ্যাপিটে ফিরে গেলাম।

দিনব্যাপী আয়োজনে ছিল ফটোসেশন, কেক কাটা, বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন (এমপি)।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজী, আহ্বায়ক মেজবাউল আলম মানিক, সদস্য সচিব তপন ধুম, সমন্বয়ক শাহিনুল ইসলাম স্বপন, নিজাম উদ্দিন কমিশনার, মাঈন উদ্দিনসহ এসএসসি ’৯১ ব্যাচের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠান আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজী বলেন, মিরসরাইয়ে এসএসসি ১৯৯১ ব্যাচের আজকের এই মিলনমেলায় দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। আমাদের উদ্দেশ্য ছিলো এই অনুষ্ঠান আয়োজন করে আমরা সকলে আনন্দ উৎসবে মিলিত হবো। আমরা রাজনীতি করি, ভিন্ন মত থাকতে পারে। তবে আমরা সকল মতাদর্শকে সাথে নিয়ে আজকের এই আয়োজন করেছি। এখানে রাজনৈতিক কোন পরিচয় নেই। সবাই আমরা বন্ধু। এর আগেও আমরা পরিবার নিয়ে এমন আয়োজন করেছিলাম।

তিনি আরো বলেন, এসএসসি ১৯৯১ ব্যাচ ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করতে শিক্ষা সামগ্রী, অসহায়দের অনুদান, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, আমাদের ব্যাচের পিছিয়ে পড়া বন্ধুদের আর্থিক স্বচ্ছলতার জন্য অনুদানসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে আমরা কাজ করছি। আগামীতে আমরা আরো বড় পরিসরে কাজ করবো যেন মিরসরাই’৯১ গর্বিত ৯১ হয়।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মেজবাউল আলম মানিক বলেন, সেই ১৯৯১ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর পরে মিরসরাইয়ের অন্তত সাড়ে ৩০০ জন বন্ধুদের নিয়ে আজকে আমাদের এই মিলনমেলা। ৩৫ বছর আগের সেই বন্ধুদের পেয়ে নিজে সেই শৈশব কৈশোরে ফিরে গিয়েছি। সকাল থেকে পুরোদিন আনন্দে কেটেছে আমাদের। আমাদের এই অনুষ্ঠানের আকর্ষণ হলো বন্ধুর প্রয়োজনে, আনন্দ আয়োজনে, মানুষের কল্যানে কাজ করা হলো ৯১ ব্যাচের মূল কাজ।

সদস্য সচিব তপন ধুম বলেন, ব্যস্ত জীবনের নানা সীমাবদ্ধতার মাঝেও এমন পুনর্মিলনী পুরনো বন্ধুত্বকে নতুন করে প্রাণবন্ত করে তোলে। এ ধরনের আয়োজন সামনে আরো বড় পরিসরে হবে বলে আশাবাদী তিনি।