চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও হাটহাজারী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭। আটকরা হলেন– হাসান (৩৫), জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯)।
শুক্রবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ ও জেলার হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ মে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে র্যাব-৭ এর একটি দল নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ জিলানী গলির পাশে শুক্কুর মোটরসের সামনে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. আছান উল্লাহ প্রকাশ হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হাতে থাকা সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক আছান উল্লাহর বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকায়।
একইদিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলীপুর আব্বাসিয়াপুর এলাকার মোস্তফা হোটেলের সামনে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯) নামে দুজনকে আটক করে র্যাব। এ সময় তাদের দেহ তল্লাশি করে আসিফের প্যান্টের পকেট থেকে ৪০০ টাকা এবং হাসানুর রাহির পকেট থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বাড়ি ফেনী জেলার পরশুরাম থানার শালধর ও চারিগ্রাম এলাকায়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘র্যাব-৭ নগরী ও জেলার হাটহাজারী এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে। আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’












