গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং ৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৪৮৯ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং ১২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের অস্তিত্ব পাওয়া গেছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫৫ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৩ মে সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে। এর মধ্যে ৭ হাজার ১৫০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ৩৮ হাজার ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপরদিকে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৬৯ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৩৬৩ জন। মোট মৃত্যু হয়েছে ৪৩২ জনের।