৩ মে (রবিবার) পটিয়ার মুজাফরাবাদ গণহত্যা দিবসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পটিয়া শাখার পক্ষ থেকে সকাল ১০টায় বধ্যভূমি সৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ পটিয়া শাখার সদস্য মুমিনুল হক সাব্বির, মিজানুর রহমান। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, পটিয়া শাখার সদস্য সানজিলা ইসরাত, মো মিজান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুষ্পমাল্য অর্পণ কালে নেতৃবৃন্দ বলেন, আজ সেই ভয়াল ৩ মে। ১৯৭১ সালের এই দিনে রাজাকার ও পাঞ্জাবী হানাদার বাহিনী ভোর ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পটিয়ার মুজাফরাবাদ এলাকায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে একদিনেই ৩৫০ জন মানুষকে হত্যা করে এবং প্রায় ৬০ জন মহিলা ও বালিকাদের ধর্ষন করে। মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রাম কে স্তব্ধ করতে চেয়েছিল। তারই লক্ষ্যে রাজাকারদের সহযোগিতায় পাক-হানাদার বাহিনী মুজাফরাবাদ এলাকায় এই নারকীয় হত্যাযজ্ঞ চালায়। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পার হলেও এই গণহত্যা রাষ্ট্রীয় কোন স্বীকৃতি পায়নি। এই শহিদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তার লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। ছাত্র, শ্রমিক, কৃষক, নারীদের দুর্দশা যায়নি। তাই মুক্তিযুদ্ধের সকল শহীদদের যথাযথ মর্যাদায় স্মরণ করার দাবি জানন এবং পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক ইতিহাস তুলে ধরার দাবি জানান।












