চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে শনিবার (২ মে) বেলা ১২টায় উপাচার্য দপ্তরে ওয়ার্ল্ড ব্যাংক এবং হিট প্রজেক্টের প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে আগত প্রতিনিধি দল চবিতে চলমান তিনটি প্রজেক্টের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

মাননীয় উপাচার্য আগত প্রতিনিধি দলের সঙ্গে পরিচিত হন এবং পরিদর্শন করা প্রজেক্ট সম্পর্কে খোঁজখবর নেন। আগত প্রতিনিধি দল প্রজেক্ট সম্পর্কে তাদের মতামত এবং কাজের অগ্রগতি সম্পর্কে বর্ণনা করেন। মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, আমি কয়েকটি প্রজেক্টের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছি। আমরা চাই গবেষণামূলক কাজ এবং ভালো ফলাফলের মাধ্যমে প্রজেক্টগুলো শেষ হোক। আমরা চাই, শুধুমাত্র বাহ্যিক অবকাঠামোর মাধ্যমে প্রজেক্টগুলো শেষ না হোক, গবেষণার মাধ্যমে দৃশ্যমান আউটপুট আসুক, যার মাধ্যমে স্ব স্ব বিভাগ তথা পুরো বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।
তিনি বলেন, আমরা প্রজেক্টগুলোর এসপিএম এবং এএসপিএম সদস্যদের নিয়ে বৈঠক করেছি। যাবতীয় বিষয়ে খোঁজখবর নিয়েছি। এছাড়া গবেষণা প্রজেক্টের নিয়ম মেনে কাজ করার আহ্বান জানিয়েছি। মাননীয় উপাচার্য আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং উপহার প্রদান করেন।
আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি.এম. আসাদুজ্জামান, ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট টবি লিনডেন, ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র কনসালটেন্ট ড. মো. মাহমুদুল হক, হিট প্রজেক্টের ডিরেক্টর প্রফেসর ড. আসাদুজ্জামান, হিট প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর মো. শহীদুল ইসলাম এবং চবি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ-উল-আলম।












