চট্টগ্রাম বন্দরে রেকর্ড: একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর-এর অপারেশনাল ইতিহাসে নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এ একদিনে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ ও টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাই ডক লিমিটেড-এর ব্যবস্থাপনায় ওইদিন ৫ হাজার ৭০৯ টিইইউএস (২০ ফুট সমমান) কনটেইনার হ্যান্ডলিং করা হয়, যা এনসিটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ।

এর আগে গত ১১ এপ্রিল ৫ হাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল, যা এবার ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে—যা বন্দরের সামগ্রিক সক্ষমতার বড় প্রমাণ।

তিনি আরও বলেন, মহান মে দিবস উপলক্ষে বন্দরের এই অর্জন কর্মরত শ্রমিকদের প্রতি উৎসর্গ করা হয়েছে। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, ঘাম এবং দেশপ্রেমই এ সাফল্যের মূল শক্তি।

বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, এই রেকর্ড দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এর এই রেকর্ড পারফরম্যান্স দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।