খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রাঙামাটির প্রবীণ সাংবাদিক ও প্রতিদিনের বাংলাদেশের রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ আলী।
রোববার (২৭ এপ্রিল) উপজেলার ডিপি পাড়া এলাকায় সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন তিনি।

আহত সাংবাদিক মোহাম্মদ আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, লক্ষীছড়িতে দীর্ঘদিনের বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে একদল দুষ্কৃতকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে তাকে পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে দ্বিতীয় দফায় নির্যাতন করা হয়।
তিনি আরও জানান, ‘মোঃ সফিউল আজম’ নামের এক ব্যক্তির নেতৃত্বে আব্দুল করিম, হাকিম, তাজুল, টিপুসহ আরও একাধিক ব্যক্তি মিলে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক কায়দায় মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
হামলার ঘটনার বিষয়ে জানতে লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে একাধিক বার ফোন করাও হলেও মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।
পরে খাগড়াছড়ি পুলিশের সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) কর্মকর্তা অমিত কুমার দাশের সঙ্গে একাধিকবার বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে এ বিষয়ে কোনো বক্তব্য রাখতে রাজি হয়নি।












